মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করা চূড়ান্ত তালিকা চলতি মাসেই ওয়েবসাইটে দেওয়া হবে। ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে (গেজেট আকারে)।বুধবার (৯ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির রচিত 'খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীদের তালিকা প্রকাশের জন্য জাতীয় সংসদের আগামী অধিবেশনে আইন পাস করার সম্ভাবনা রয়েছে। তারপর দেশবিরোধী রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে।তিনি বলেন, নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা তাদের জানাতে হবে। এজন্য মুক্তিযুদ্ধে নিজেদের বীরত্বগাথা লিখে রাখতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৩ বছরের সংগ্রাম আর ত্যাগের ফসল হচ্ছে স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতাকে অর্থপূর্ণ করতে হলে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্ম যত জানবে তত বেশি তারা দেশপ্রেম নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এসময় মন্ত্রী পাকিস্তান আমলে বাঙালিদের প্রতি বিভিন্ন বৈষম্যের চিত্র তুলে ধরেন।